চাঁদপুরে ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ পিএম
চাঁদপুরে ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল
ছবি: FNS

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সভাপতি পদে চাঁদপুর জেলাপ্রশাসক এবং সদস্য সচিব পদে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুলকে মনোনীত করা হয়েছে।  

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই কমিটি অনুমোদিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।  

অনুমোদিত এ্যাডহক কমিটি :

সভাপতি: জেলাপ্রশাসক, চাঁদপুর।  

সহ-সভাপতি: পুলিশ সুপার, চাঁদপুর।  

সদস্য: অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), চাঁদপুর।  

সদস্য: উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর।  

সদস্য: জেলা ক্রীড়া অফিসার, চাঁদপুর।  

সদস্য: ডি. এম. শাহজাহান (স্থানীয় ক্রীড়াবিদ)।  

সদস্য সচিব: জসিম উদ্দিন খান বাবুল (স্থানীয় ক্রীড়া সংগঠক/ক্রীড়াবিদ)।  

এদিকে, নির্বাচনকালীন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। সবাই সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলাপ্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান। 

নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ও ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নবঅনুমোদিত এই এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।  

এদিকে জসিম উদ্দিন খান বাবুল সদস্য সচিব মনোনীত হওয়ায় এবং দ্রুত নির্বাচনের তাগিদ থাকায় জেলার ক্রীড়ামোদী ও সুশীল সমাজের পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে