নোয়াখালীর সেনবাগে আবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ইউপিএস, বৈদ্যুতিক মোটর, ফ্যান ও প্রাক-প্রাথমিক শ্রেণির খেলনাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো একসময় উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম অফিস সহকারী মো. সাইফুল ইসলাম রাতে দায়িত্ব পালন না করায় এ সুযোগে চোরের দল চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আরা আহম্মদ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নৈশপ্রহরী দায়িত্ব পালন না করায় এ ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে একটি ইউপিএস, একটি বৈদ্যুতিক মোটর, একটি ফ্যান এবং প্রাক-প্রাথমিক শ্রেণির খেলনাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) গোলাম হায়দার চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো চুরির ঘটনা সম্পর্কে তাঁকে কেউ অবহিত করেননি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ বা তথ্য দেননি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর নৈশপ্রহরী কাম অফিস সহকারীরা রাতে দায়িত্ব পালন না করায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি খোয়া যাচ্ছে। এসব ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ও নৈশপ্রহরীদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।