লক্ষ্মীপুরের রামগতিতে হ্যান্ড পাম্পে (চাপ) কোনো প্রকার চাপ দেওয়া ছাড়াই এক সপ্তাহ ধরে নলকূপ থেকে স্বয়ংক্রিয়ভাবে অনবরত পানি ও গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই দৃশ্য দেখতে আশপাশ ও দূরদূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ স্থানটি ঘিরে ভিড় জমেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনির বাসিন্দা মো. আবদুল্যাহর নলকুপে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মো. আবদুল্যাহর বসতবাড়িতে নতুন একটি নলকূপ স্থাপন করার পরপরই এই ব্যতিক্রমী ঘটনাটি পরিলক্ষিত হয়। পাম্পে কোনো হাত না দিলেও পাইপ দিয়ে তীব্র গতিতে পানি বের হতে থাকে। পানির পাশাপাশি অনবরত গ্যাস নির্গত হতে থাকায় নলকুপের মুখে আগুন জ্বালালে তা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।
নলকুপের মালিক মো. আবদুল্যাহ জানান, তার বসতঘরের সামনে দুই মাস আগে এই নলকূপ স্থাপন করেন তিনি। স্থাপনের পর থেকে চাহিদা অনুুযায়ী পানি উঠছিল না। পরে নলকুপটি অন্যত্র স্থানান্তরিত করার আগেই হঠাৎ এক সপ্তাহ ধরে দেখি নলকুপের নিচ থেকে আপনা-আপনি পানি উঠছে, পানির সঙ্গে গ্যাসও উঠতে দেখা গেছে। বর্তমানে নলকুপের মুখ থেকে অটোম্যাটিক ঝরনার মতো পানি ও গ্যাস বের হচ্ছে। বিষয়টি এলাকা ছড়িয়ে পড়লে আশপাশের এবং চরাঞ্চল থেকে শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করতে ছুটে আসেন।
উপকূলীয় রামগতি অঞ্চলে মাটির নিচে গ্যাস স্তরের উপস্থিতি থাকতে পারে। বিষয়টি দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিঃ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার স্থানীয়া বাসিন্দারা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নিচে চলে যায়। আর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর ওপর চলে আসে। ওই সময় নিচ থেকে পানির একটা চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই নলকূপ থেকে পানি ওপরে চলে আসে। তবে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।