বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলমের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জেলায় স্থায়ী বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিশোরগঞ্জে স্থায়ী বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
গত ২ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। গেজেটের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ আইন, ২০১৮-এর অধীনে সংঘটিত অপরাধের বিচার ও সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য কিশোরগঞ্জে একটি বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। আদালতটির স্থানীয় এক্তিয়ার নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কিশোরগঞ্জ জেলা এলাকার জন্য। প্রজ্ঞাপনে আদালতটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক আবেদনে কিশোরগঞ্জে স্থায়ী বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জের সাতটি উপজেলায় প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ও বিদ্যুৎ-সংশ্লিষ্ট কার্যক্রম বাড়লেও জেলায় স্থায়ী বিদ্যুৎ আদালত না থাকায় সাধারণ গ্রাহকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। আবেদনে আরও বলা হয়, কিশোরগঞ্জের বিদ্যুৎ-সংক্রান্ত মামলাগুলো ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের আওতায় পরিচালিত হওয়ায় বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি মামলার বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হয়। বিশেষ করে বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ, বকেয়া বিল ও অন্যান্য বিদ্যুৎ-সংক্রান্ত অপরাধের মামলা নিষ্পত্তিতে জটিলতা তৈরি হচ্ছে।
প্রতিমন্ত্রী তাঁর আবেদনে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের অধীনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ পাঁচটি জেলার মামলা পরিচালনার চাপের বিষয়টিও তুলে ধরেন। কিশোরগঞ্জে পৃথক আদালত প্রতিষ্ঠা করা হলে মামলার জট কমবে, বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব হবে এবং বিদ্যুৎ-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে আবেদনে উল্লেখ করেন তিনি।প্রতিমন্ত্রীর আবেদনের প্রায় তিন সপ্তাহ পর ২ নভেম্বর বাংলাদেশ গেজেটে কিশোরগঞ্জে স্থায়ী বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার প্রজ্ঞাপন প্রকাশিত হয়। এর ফলে বিদ্যুৎ-সংক্রান্ত মামলা পরিচালনার জন্য জেলার বিচারপ্রার্থীদের আর ময়মনসিংহে যেতে হবে না বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় কিশোরগঞ্জের বিদ্যুৎ গ্রাহক, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।