নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম
নাৎসিরা জার্মানিতে ফিরতে পারেনি, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে ফিরতে পারবে না। একই সঙ্গে দেশে নতুন করে কোনো মব সৃষ্টি হতে না দেওয়ার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনসন্ত্রাসের অভিযোগ তুলে ধরে অতীতের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, হরতালে বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।
সালাউদ্দিন আহমদ বলেন, একসময় সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের হরতাল চলাকালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করা হয়েছিল। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন। আগুনের তীব্রতায় উদ্ধারকাজও ব্যাহত হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৯ জন ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। তাঁর ভাষ্য, ইউটিউবে খুঁজলে ওই ঘটনার স্বীকারোক্তি এখনও দেখা যাবে।
বিরোধী দলের বক্তব্য ও প্রতিক্রিয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক নেত্রী বারবার অডিও ও ভিডিও কলে দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগও করেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার পর জুলাইযোদ্ধাদের শাস্তি দেওয়ার হুমকির কথাও উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সেই সুযোগ শেখ হাসিনা আর কখনোই পাবেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবাধিকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে সরকারের এই উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কাউকে গুম, ক্রসফায়ার বা আয়নাঘরে যেতে হবে না, কিংবা অজ্ঞাতপরিচয় লাশ হয়ে ভেসে উঠতে হবে না।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে প্রথম ভাষণেও একটি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেছেন। মা যেমন সন্তানের জন্য, ভাই যেমন বোনের জন্য এবং স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপত্তা চান, সরকারও সবার জন্য তেমন নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করার ইচ্ছা সরকারের নেই। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। দেশে যাতে আর কোনো মব তৈরি হতে না পারে, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও জানান তিনি।
বিগত সরকারের সময়ে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গীকারের কথাও তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এসব অপরাধের বিষয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬
এদিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলো কী ধরনের হামলা, অপহরণ ও চাঁদাবাজি চালাচ্ছে। অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও জানতে চান তিনি। গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে তথ্যও চাওয়া হয়।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এসব পদক্ষেপের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে