সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের শুরুতেই সংবাদ সম্মেলন করে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ধরনের ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে এ ধরনের বক্তব্য প্রচারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। দুদককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসিফ মাহমুদের করা রিটের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।
গত ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ। এতে গত ২ ও ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা দুটি প্রেস ব্রিফিংকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার আবেদন জানানো হয়। পাশাপাশি অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ সম্মেলন থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়।
রিটে আরও বলা হয়, ইতিমধ্যে প্রচারিত বক্তব্য প্রত্যাহার করে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হোক। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে করা এ রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়। গত ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।
বুধবার আদালতে আসিফ মাহমুদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মো. ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।
দুদকের দুই ব্রিফিং নিয়ে আপত্তি
রিটের বিবরণ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কমিশনের উপপরিচালক জানান, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রিটে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা অনুসন্ধান শেষের ফলাফল হতে পারে। অনুসন্ধান শুরুর সময় এ ধরনের বক্তব্য দেওয়ার আইনি এক্তিয়ার দুদকের নেই।
এরপর ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা কথা বলে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্বীকার করেন। তবে বক্তব্য প্রত্যাহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ও স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বর দুদককে আইনি নোটিশ পাঠানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। পরে ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক আরেকটি প্রেস ব্রিফিং করেন। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলাপ্রশাসক পদায়ন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগ তুলে ধরা হয়।
অভিযোগ ভিত্তিহীন দাবি আসিফের
রিটে আসিফ মাহমুদ দাবি করেন, দুদকের ব্রিফিংয়ে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও অসত্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তার অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর মন্ত্রণালয়ের আদেশে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির বিষয়টিও রিটে তুলে ধরা হয়। আসিফের দাবি, তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার প্রায় পাঁচ মাস পর, ২০২৬ সালের ১১ মে ওই পদোন্নতি কার্যকর হয়। তার পদত্যাগের তারিখ ছিল ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ফলে এ পদোন্নতির সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই।
রিটে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এসব ব্রিফিং করা হয়েছে। এর মাধ্যমে গণমাধ্যমে তার বিরুদ্ধে এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে বলা হয়, অনুসন্ধানাধীন বিষয়ে এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তিত্ব ও সুনামের সুরক্ষার অধিকারের পরিপন্থি। একই সঙ্গে এটি দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এরও লঙ্ঘন।
আসিফ মাহমুদের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, দুদকের প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং কমিশনের নিজস্ব তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।
এর আগে ২৯ সেপ্টেম্বর রিটের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক বলেছিলেন, দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে করা রিট গ্রহণযোগ্য নয়।