চিফ হুইপের প্রমাণ দাবি

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম
সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ
ছবি: FNS

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ ঘিরে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ তোলেন। জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যা দিতে গেলে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কয়েক দফা হট্টগোল হয়। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার আহ্বান জানান।
সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদে প্রকাশিত কয়েকটি শিরোনাম পড়ে শোনান। তাঁর অভিযোগ, নতুন ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের পরিবারের সদস্য ও দলীয় ঘনিষ্ঠ ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের কয়েকজন সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।
হাসনাত বলেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন সারের ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে ১০ জন বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান ও অন্য স্বজন। এ সময় তিনি বলেন, ‘সারের ডিলার হয়েছেন সংসদ সদস্যের ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী।’
নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গও তোলেন হাসনাত। ওই ঘটনায় এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাতের অভিযোগ, কোনো কোনো সংসদ সদস্য ১৫টি ইউনিয়নের দায়িত্ব পেয়েও ৩০টি ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য সুপারিশ করেছেন। তাঁদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগও করেন তিনি। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনি এলাকার দায়িত্ব দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
হাসনাত বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের নির্বাচনি এলাকার দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলা হয়েছিল। অথচ বর্তমান সরকার একই ব্যবস্থা চালু রেখেছে। এ বিষয়ে কোনো বিধি বা নিয়ম আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সারের ডিলার নিয়োগের শর্তে আগের আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাবসা করা ব্যক্তিদের আবার সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল কি না, সেটিও জানতে চান হাসনাত। তাঁর প্রশ্ন, মন্ত্রণালয় কি পরিকল্পিতভাবে এমন শর্ত রেখেছিল? বর্তমান নিয়োগপ্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, সে বিষয়েও কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।
হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাঁই।’
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, হাসনাত সারের ডিলার নিয়োগকে ‘উৎসব’ হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মতো হোক। তবে উৎসবকে তিনি ইতিবাচক অর্থে বুঝেছেন বলে জানান।
মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। তাঁদের অনেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তাঁর বক্তব্য দিতে অসুবিধা হয়। জবাব পছন্দ না হলে আবার প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব। অসুবিধা নেই।’
এরপর সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করেন মন্ত্রী। তিনি জানান, এজন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলাপ্রশাসক (ডিসি)।
নির্ধারিত শর্ত মেনে ডিলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন যাচাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি কাজ করে। যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়।
জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। কমিটির সদস্যরা আবেদন যাচাই করে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠান। সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। একজনের সুপারিশে ডিলার নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করেন মন্ত্রী।
মন্ত্রীর বক্তব্যের সময় হট্টগোল চলতে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। বিরোধী দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রশ্ন করার যেমন অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার আছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’
ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে কিছুটা শান্ত হলেও মন্ত্রীর বক্তব্যের পরও সংসদে উচ্চস্বরে কথা বলা ও ফ্লোর চাওয়ার ঘটনা চলতে থাকে। এ সময় সরকারি দলের কয়েকজন সদস্যকেও বিরোধী দলের সদস্যদের বসার অনুরোধ করতে দেখা যায়।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম মণি সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি বলেন, সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। কারও কাছে এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রমাণ ছাড়া সংসদ সদস্যদের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে হাসনাতের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও অনুরোধ করেন চিফ হুইপ। ডিলার নিয়োগের পদ্ধতিতে কোনো ভুল থাকলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনের পরামর্শ দেন তিনি।
এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য কথা বলার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাঁদের আর বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় সংসদে আবারও হইচই শুরু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে