নোয়াখালীর বিভাগের দাবি বাস্তাবায়ন করব: জামায়াত আমির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ এএম
নোয়াখালীর বিভাগের দাবি বাস্তাবায়ন করব: জামায়াত আমির
ছবি, সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে। আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চায়, সিটি কর্পোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

জামায়াত আমির বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, আমরা দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই। ১১ দলের প্রার্থীদের অধিকাংশের বয়স ৪৫-এর নিচে, যা বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের। সেদিন প্রত্যেকটা যুবক-যুবতী বলবে, আমিই বাংলাদেশ। আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন।”

সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একটি সৎ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। পে-কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে তাদের টেবিলের নিচে হাত ঢ়ুকাতে না হয়। এরপরও যদি কেউ সততার রাস্তা ছেড়ে দেয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখনই ছেড়ে দাও, হারাম পেটে ঢ়ুকিও না। যদি না শোনো, তবে আমাদের গরম মূর্তি দেখতে বাধ্য হবে।’

ডা. শফিকুর রহমান আরও জানান, “নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।”

সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে তিনি বলেন, ‘সুবর্ণচরে একজন দুখিনী মা, যাকে হায়েনারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ।’

নির্বাচন ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখ দুটি ভোট হবে। প্রথম ভোটটি হবে সংস্কার ও আজাদীর পক্ষে ‘হ্যাঁ’ ভোট। আর দ্বিতীয় ভোটটি হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে।’

জনসভায় তিনি নোয়াখালী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী-৩ আসনের মাওলানা বুরহান উদ্দিন, নোয়াখালী-৪ আসনের মো. ইসহাক খন্দকার এবং নোয়াখালী-৫ আসনের বেলায়েত হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং নোয়াখালী-২ আসনের সুলতান মোহাম্মদ জাকারিয়া ও নোয়াখালী-৬ আসনের প্রার্থীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে