কৃষি প্রতিবেশ সুরাক্ষায়

শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় ধান ক্ষেতে মানববন্ধন

এফএনএস; কুয়াকাটা, পটুয়াখালী: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৮ পিএম
শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় ধান ক্ষেতে মানববন্ধন
ছবি: FNS

জীবাশ্ম জ্বালানি নয়-ঋণ নয়; নিরাপত্তা ও কৃষি প্রতিবেশ সুরাক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় কৃষক,শ্রমিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কপ-৩১ সম্মেলনকে ঘিরে “আইল থেকে আন্তলিয়া” ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ধান ক্ষেতের আইলে দাড়িয়ে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষকরা কোদাল, লাঙল ও নারীরা পানির কলস নিয়ে প্রতিকী প্রতিবাদ জানায়।
ব্যতিক্রমী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরাম’র সভাপতি অমল মুখার্জী। বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, মোশারফ হোসেন মিন্টু, তানজিল জামান জয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক , প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋণ নয়, অনুদান চাঁই। কপ-৩১ উপলক্ষ্যে কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের ৭ দফা দাবি মানতে হবে। তারা বলেন, অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষির। অথচ বরাদ্দ মাত্র ২০ শতাংশ। তাই কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি ও সরাসরি অনুদানের দাবি করেন।
তারা বলেন, কৃষি রূপান্তরের ব্যয় কোনোভাবেই ক্ষুদ্র কৃষকের ওপর চাপানো যাবে না। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদল ও আন্তর্জাতিক সমাজকে এই ৭ দফা দাবির পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সাগর তীরবর্তী কলাপাড়ার প্রত্যন্ত গ্রাম থেকে সাত দফা দাবি তুলে ধরেন প্রান্তজন’র সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ। দাবিগুলো হলো ক্ষয়ক্ষতি তহবিল, কৃষির জন্য স্থায়ী কর্মসূচি, অভিযোজন অর্থ তিন গুণের পরিকল্পনা, খাদ্য-কৃষি সূচকে মানুষের জীবন, কৃষি-নির্দিষ্ট সহজ প্রবেশাধিকার, শর্তহীন অনুদান, কার্বন বাজার নয় ও ন্যায্য অনুদান ও স্বচ্ছতা নিশ্চিত করা। মানববন্ধন কৃষক, শ্রমিক, পরিবেশকর্মী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে