মেয়র নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে বদিউজ্জামান মিন্টু, থানায় অভিযোগ

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম
মেয়র নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে বদিউজ্জামান মিন্টু, থানায় অভিযোগ
ছবি: FNS

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর গণজোয়ার দেখে নিজ দলের কতিপয় সম্ভাব্য প্রার্থীর রোষানলে পরেছেন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে কাজ করে আসছেন।

সূত্রমতে, একটানা বিগত ৪১ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে প্রায় দেড় শতাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়াসহ হত্যার উদ্দেশে একাধিকবার হামলা ও কারাবরণকারী বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন দল থেকে এসে বিএনপিতে যোগদানকরা কতিপয় নেতার প্ররোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেইক) আইডি থেকে এআই দিয়ে ছবি বানিয়ে নানা অপপ্রচার করা হচ্ছে। এ ঘটনার বিরুদ্ধে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী বদিউজ্জামান মিন্টু থানায় একটি সাধারণ ডায়ারি (যার নং-৫৫৬) করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপির নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য ফেইক আইডি দিয়ে দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিষয়টি এতোদিন প্রকাশ্যে না আসলেও ১৩ নভেম্বর দিবাগত রাতের পারিবারিক একটি ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি সামনে এসেছে।

অনুসন্ধানে জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু ১৩ নভেম্বর দিবাগত রাত নয়টার দিকে উপজেলা গেট সংলগ্ন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদের আমন্ত্রণে তার বাসায় যান। বাসায় গিয়ে ওই নেত্রীর ছেলের সাথে কথা বলার একপর্যায়ে বাহির থেকে তালা লাগিয়ে দেয় ছাত্র ও যুবদলের একাংশের কর্মীরা। পরবর্তীতে বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে ছড়িয়ে দিয়ে তার (মিন্টু) চরিত্রহননের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছেন বদিউজ্জামান মিন্টুর সমর্থকরা।

উপজেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া মাহমুদ বলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু আমার বড় ভাইয়ের মত। তার পরিবারের সাথে আমাদের পরিবারের পারিবারিক সর্ম্পক রয়েছে। সেই হিসেবে মিন্টু ভাইকে আমার বাসায় কফির দাওয়াত দিয়েছিলাম। এজন্য তিনি আমার বাসায় এসেছিলেন। এসময় বাসায় আমার ছেলে এবং অন্যান্য আত্মীয়রা ছিলো। কিন্তু দলের বিপদগামী কিছু কর্মী আমার বাসার দরজার বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

নারীনেত্রী তানিয়া মাহমুদ আরও অভিযোগ করেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বিপ্লব এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ব্যানারে রাজনীতি করি, এটা কয়েকজন নেতার সহ্য হয়না। এজন্য আমাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রপাগান্ডা চালিয়ে আসছে। তবে এসব নেতা কারা সেবিষয়ে তিনি (তানিয়া) বিস্তারিত বলতে না চাইলেও শুধু বলেছেন, এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় গ্রহণ করবেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ওই বাসায় গিয়ে নেত্রীর ছেলের সাথে বসে কথা বলছিলাম। তখনও আমি জানতাম না বাহির থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে আমার নাম্বারে কয়েকটি ফোন আসলে বিষয়টি জানতে পারি। পরে আমি আমার ছেলেদের ফোন দিয়ে বিষয়টি জানানোর পর আমার দুই ছেলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে আমাকে উদ্ধার করে।

অভিযোগ করে বদিউজ্জামান মিন্টু বলেন, বিগত কয়েকমাস পূর্বে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে একটি দলীয় অনুষ্ঠানে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য আমি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলাম। এরপর থেকেই বিভিন্ন দল থেকে বিএনপির রাজনৈতিক ব্যানারে আসা সম্ভ্যাব্য দুইজন প্রার্থী ও তাদের সমর্থকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মাঠপর্যায়ে তারা আমার গণজোয়ার দেখে দিশেহারা হয়ে চরিত্রহননের চেষ্টা করছে। তবে সম্ভ্যাব্য ওই দুই প্রার্থীর নাম না বললেও বদিউজ্জামান মিন্টু বলেন, এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে।

গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ বলেন, একজন নেতা দলীয় নেত্রীর বাসায় গেলে বাহির থেকে তালা লাগিয়ে তার চরিত্রহননের চেষ্টা করা হবে, এইসব নোংরামির সমর্থন করিনা। এগুলো যারা করে তারা হীনমন্যতায় ভুগতেছে। তিনি আরও বলেন, আমড়া মনে করছি বদিউজ্জামান মিন্টু ষড়যন্ত্রের স্বীকার।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, এধরনের ঘটনা দলের জন্য সুফল বয়ে আনবেনা। এইসব কাঁদাছোড়াছুড়ি দ্রুত বন্ধ হওয়া উচিত। নচেৎ দল চরম ক্ষতিগ্রস্ত হবে। আমড়া যতটুকু জানতে পেরেছি ঘটনাটি সম্পূর্ন মিথ্যে ও পরিকল্পিত।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, আমড়া যতদুর জানতে পেরেছি ওই বাসায় দাওয়াতে গিয়েছিলেন বদিউজ্জামান মিন্টু। তাছাড়া বদিউজ্জামান মিন্টু ও তানিয়া মাহমুদের পরিবারের সাথে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন-অবস্থা এমন যে-কোনো আত্মীয় কিংবা ঘনিষ্ঠজনের বাসায় দাওয়াতে যাওয়ারও সুযোগ নেই। সেখানে গেলেই তার চরিত্র হনন করা হবে। তীব্র ক্ষোভ প্রকাশ করে সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, দলের দুর্দীনের ত্যাগী ও নির্যাতিত নেতা বদিউজ্জামান মিন্টুর সাথে যারা এই আচরণ করেছে তারা ছাত্র কিংবা যুবদলের কেউ হলে তাদেরকে চিহ্নিত করে শীঘ্রই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে