মুলাদীতে

আ.লীগ নেতার বসতঘরে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল:
| আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম
আ.লীগ নেতার বসতঘরে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
ছবি: FNS

বরিশালের মুলাদীতে আওয়ামী লীগের এক নেতার বসতঘরের আটটি কক্ষসহ রান্নাঘর ও কাঠ রাখার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার আলামত পাওয়ার কথা জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডের স্বীকার বসতঘরটির মালিক জয়নাল আবেদীন ষোলঘর গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। তিনি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় প্রজন্ম লীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।
জয়নাল আবেদীনের দাবি, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। তিনি ব্যবসার কাজে ঢাকার কেরানীগঞ্জে থাকেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রতিবেশীর কাছ থেকে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। মুলাদী ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
জয়নাল আবেদীন জানান, তাঁর বসতঘরে আটটি কক্ষ রয়েছে। সব কক্ষ ও বারান্দায় একসঙ্গে আগুন দেওয়া হয়। এ ছাড়া রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন দেওয়া হয়েছে। এতে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
জয়নাল আবেদীনের অভিযোগ, গত ১১ অক্টোবর একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং ঘরের মালামাল লুট করা হয়। ওই ঘটনায় গত ১১ নভেম্বর ১৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। এর দুই দিন পর তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল বলে দাবি করেন জয়নাল আবেদীন।
মুলাদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. নূরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে ষোলঘর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে একটি পাকা ভবনের সব কক্ষে একসঙ্গে আগুন জ্বলছিল। কক্ষগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে আগুন নেভাতে হয়েছে। এতে কিছুটা সময় লাগায় ঘরের অনেক মালামাল পুড়ে গেছে। রান্নাঘর ও কাঠ রাখার ঘরেও আগুন ছিল। ঘটনাস্থলে পেট্রোল বোমার আলামত পাওয়া গেছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘরটি তালাবদ্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে