বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্যসেবা বঞ্চিত ইউনিয়নবাসী। রবিবার (১৫ নভেম্বর) সকালে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘স্বাস্থ্যসেবা বঞ্চিত খাঞ্জাপুর ইউনিয়নবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন। বক্তব্য রাখেন, সমাজ উন্নয়নকর্মী মো. আতিক মৃধা, শিক্ষক সজল ভাগল, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মেহেদি হাসান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল সরদার, ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুল হাসান মুন্না, মো. রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, খাঞ্জাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ও বৃহত্তম খাঞ্জাপুর ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রটি জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ১২ ঘণ্টা চিকিৎসাসেবা চালু রাখতে হবে। জরুরি রোগীদের দ্রুত উপজেলা কিংবা জেলা পর্যায়ের হাসপাতালে নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স সরবরাহ এবং রোগীদের জন্য বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে খাঞ্জাপুর ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকটের অবসান ঘটবে।