সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০২:২০ পিএম
সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
ছবি: সংগ্রহীত

পৌরসভাগুলোতে বরাদ্দ পাওয়ার পরও নির্ধারিত সময়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন না করলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্তের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
মীর শাহে আলম বলেন, পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য আগেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ পৌরসভায় এখনও প্যানেল বসানো হয়নি। দ্রুত এসব প্যানেল স্থাপন করে প্রথমে পৌর ভবনের বিদ্যুতের চাহিদা মেটাতে হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করতে হবে।
নগর ব্যবস্থাপনার অন্যতম বড় সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয়, পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।
এ পরিস্থিতি থেকে বের হতে ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশ দেন তিনি। সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করার কথাও বলেন।
কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন না। সরকার বিপুল অর্থ ব্যয় করে আয়োজন করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি উদাসীনতা হিসেবে উল্লেখ করেন। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন মীর শাহে আলম। তাঁর ভাষ্য, এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না। শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।
পৌরসভার নাগরিক সেবা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে গিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। নাগরিকেরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এসব সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান অথবা জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি।
এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে