মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

এফএনএস; ঢাকা:
| আপডেট: ১১ নভেম্বর, ২০২৬, ০২:০১ পিএম | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০২:০১ পিএম
মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি
ফাইল ছবি

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে কয়েকটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ অবস্থায় শিল্পাঞ্চলের ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর ১টা পর্যন্ত ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তখন শান্ত ছিল। অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থানে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানী এলাকায় দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুরের চন্দ্রায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন, মৌচাকে এক প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় এক প্লাটুন, কাশিমপুরে এক প্লাটুন, নাওজোরে এক প্লাটুন, ভোগড়া বাইপাসে এক প্লাটুন, গাছা এলাকায় এক প্লাটুন এবং সালনায় এক প্লাটুন বিজিবি রয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুলে দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে