সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, আন্তর্জাতিক সনদ অর্জন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।
নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে।
এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, স্থানান্তরের পরও সাভার চামড়া শিল্পনগরীতে যেসব কারখানা উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো কারখানাকে ছাড় দেওয়া হবে না।
চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এ খাতের বিকাশ জরুরি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।
ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকঋণ পেতে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পেতে পারেন।
মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে এ হার উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উৎপাদনব্যবস্থা এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয়ও জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিটির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।