বাংলাদেশকে শিক্ষা হাব করতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার উদ্যোগ

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০২:১৬ পিএম
বাংলাদেশকে শিক্ষা হাব করতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার উদ্যোগ
ছবি: FNS

বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই এ-সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন করা হবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করাও জরুরি।
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ওপর।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে