শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে বিজিবি। এজন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।