“তিনি একজন ‘পচা’ লোক, অসামাজিক ও লোভী ব্যক্তি। অর্থের প্রভাব দেখিয়ে তিনি আমাদের নানা হুমকি দিচ্ছেন।” টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের বর্ণি গ্রামে কয়েক দশকের পুরনো একটি গ্রামীণ রাস্তা দখল চেষ্টার অভিযোগে অভিযুক্ত সেলিম রেজার বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় ভুক্তভোগীরা। আদালতের রায় ও সরকারি অর্থায়নে সংস্কার হওয়ার পরও ওই ব্যক্তির ভয়ে ৫০ বছরের পুরনো রাস্তাটি দিয়ে এলাকাবাসীর চলাচল এখন প্রায় বন্ধ। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ণি গ্রামের ওই রাস্তাটি দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যাতায়াত করছেন। কৃষিপণ্য আনা-নেওয়া এবং গ্রামের সামাজিক গোরস্থানে যাওয়ার একমাত্র মাধ্যমও এটি। ২০২৩ সালে উপজেলা পরিষদের তহবিল থেকে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাস্তার পাশের জমি কেনেন সেলিম রেজা। জমি কেনার পর থেকেই তিনি রাস্তাটি নিজের দাবি করে কেটে ফেলার চেষ্টা চালান।
গ্রামবাসী জানায়, ২০২৬ সালে টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে রাস্তায় পুনরায় মাটি ফেলা হলে সেলিম রেজা রাস্তার মাঝখানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে গাছগুলো অপসারণ করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। এর আগে রাস্তাটি বন্ধ করার জন্য আদালতে মামলা করা হলে বিজ্ঞ আদালত তা খারিজ করে দেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০ বছরের বেশি সময় ধরে জনগণ চলাচল করায় রাস্তাটিতে আইনগতভাবে ‘পাবলিক ইজমেন্ট’ (জনসাধারণের ব্যবহারের অধিকার) তৈরি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাস জনস্বার্থে রাস্তাটি দানপত্র করেছেন। সরকারি আইডিভুক্ত হওয়ার পর ২০২৩ ও ২০২৬ সালে সরকারিভাবে এখানে মাটি ভরাটের কাজও করা হয়েছে।’ বর্তমানে রাস্তাটি রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম রেজা বলেন, ‘আমি সেখানে ১৬০ শতাংশ জমি কিনেছি। জমির পাশের এই রাস্তাটি সরকারি রাস্তা নয়। তাই একক ব্যক্তি স্বার্থের জন্য আমি আমার জমির ওপর দিয়ে রাস্তা দিতে চাঁই না।’ উল্টো ওই জমিতে কাজ করতে গেলে তাকে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তবে তিনি নিজেকে উন্নয়নের পক্ষে দাবি করে বলেন, ‘সরকার যদি ওই অংশটুকু ভূমি অধিগ্রহণ করে নেয়, তবে আমার কোনো আপত্তি নেই। আমি বিষয়টির একটি সুষ্ঠু সমাধান চাচ্ছি।’
দেলদুয়ার উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানান, ২০২৫ সালে রাস্তাটি এলজিইডির গেজেটের জন্য প্রস্তাবনা করা হয়েছিল। তবে বর্তমানে এটি কোন অবস্থায় আছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম বলেন, ‘চলতি বছরে ওই রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে, তখন কেউ কোনো বাধা দেয়নি। বর্তমানে এক ব্যক্তি রাস্তাটি তার বলে দাবি করছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, রাস্তাটিতে পাবলিক ইজমেন্ট হিসেবে বিজ্ঞ আদালতের রায় রয়েছে। পাবলিক ইজমেন্টের জায়গা একক ব্যক্তিগতভাবে ব্যবহার বা বন্ধ করা সমীচীন নয়। বিজ্ঞ আদালত পরবর্তীতে কোনো নির্দেশনা দিলে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।