বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধের পরও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন গ্রহণসহ ভর্তির অন্যান্য কার্যক্রমও নির্ধারিত সময়েই চলবে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখার বিষয়ে সভায় সবাই একমত হয়েছেন।
তিনি বলেন, “আমাদের নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।” আবেদন থেকে শুরু করে ভর্তি কার্যক্রমের সব ধাপ পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে বলেও জানান তিনি।
এর আগে গত ২ আগস্ট ভর্তি কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এরপর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ইউনিটভিত্তিক পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি হলো, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর। চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিল ইউজিসি।
সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, আলোচনায় আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রমের সময় নির্ধারণের কথা বলা হয়েছে।
ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে, তাদেরও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সূচি পুনর্বিবেচনার আহ্বান জানায় ইউজিসি।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ইউজিসির ওই মতবিনিময় সভায় অংশ নেননি। কমিশনের সভা শেষে সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠক বসে। সেখানেই পূর্বঘোষিত সময়সূচি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে ইউজিসির অনুরোধের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে।