ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের। এ বিভাগে ১ হাজার ৭৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২৭৭, চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ১১১, রংপুরে ৮৩ এবং সিলেটে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে ২২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৮৪, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩২, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জন মারা গেছেন।
গত বছর ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।