শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে ফেরাতে চায় সরকার: জাহেদ উর রহমান

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০১:২৬ পিএম
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে ফেরাতে চায় সরকার: জাহেদ উর রহমান
ছবি: FNS

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তাঁর পাসপোর্টের জন্য করা অনুরোধটি শেখ হাসিনা নিজে করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া দেশে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের পেছনে আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্টের জন্য একটি আবেদন করার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে তাঁর নামে অনুরোধ জানানো হয়েছে। এই আবেদন তাঁর কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি শুধু অভিযুক্ত নন, দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাঁর ক্ষেত্রে কিছু মৌলিক মানবাধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে ফেরানো হবে, সেটিই গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে।
পাসপোর্ট ইস্যুতে কূটনৈতিক মহলে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক পর্যায়ে কী হচ্ছে, তা সরকার জানে না। তাই এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই।
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। দলটি এসব ঘটনায় অর্থায়ন করছে। এ ধরনের সহিংসতায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে।
তিনি আরও বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে কেউ দলটির কার্যক্রম চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে সতর্ক হওয়ার তাগিদ
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বাজারে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সরকার যে দামকে যৌক্তিক মনে করছে, কোনো কোনো এলাকায় তার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। সরবরাহের ক্ষেত্রেও কিছুটা সমস্যা রয়েছে। কোনো পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হলে সরবরাহে সংকট দেখা দিতে পারে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানান, নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রায় তিন মাস ধরে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরজুড়ে, সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা, এমনকি ১ হাজার টাকা পর্যন্ত বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগও তুলে ধরা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, বাজার তদারকির পাশাপাশি নির্ধারিত দাম কার্যকর করা জরুরি। বিষয়টি নজরদারিতে রয়েছে। এ নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে আরও সতর্ক হতে হবে।
গ্যাসের দাম বেশি নেওয়ার পেছনে সরবরাহ সংকট থাকতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আশঙ্কা থেকেও আমদানিকারকদের মধ্যে এমন প্রবণতা তৈরি হতে পারে। তাঁর মতে, বৈশ্বিক জ্বালানি বাজার এখন বেশ অনিশ্চিত।
চালের দাম কমাতে সরবরাহ বাড়ানোর উদ্যোগ
বাজারে চালের দাম বেড়ে যাওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বাজার অর্থনীতিতে শুধু নজরদারি করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না। এ ক্ষেত্রে সরকারের প্রধান করণীয় হলো বাজারে সরবরাহ বাড়ানো।
তিনি জানান, চালের বাফার স্টক বা মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাজারে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়ানো বেশি কার্যকর হবে বলে মনে করেন তিনি। সরকার সে চেষ্টাই করছে।
এ সময় তিনি জানান, দেশের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে গার্মেন্টশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। এজন্য ইতিমধ্যে ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে