গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, গোপালগঞ্জে দলটির সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রকাশ। প্রতিবেশী দেশের মদদে অস্থিতিশীলতা তৈরি করে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে দলটি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে দলটির পক্ষে দেশে রাজনীতি করা সম্ভব নয়। তাদের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক তৎপরতা নেই। ডিসেম্বরে দলের সভাপতি দেশে ফিরবেন, এমন প্রচারও রাজনৈতিক কৌশলের অংশ ছিল বলে মন্তব্য করেন তিনি।
পার্থ বলেন, দেশে গত আট মাসে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতে নতুন করে দুর্নীতির ঘটনাও নেই। নতুন কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতের দুর্নীতির খবর না থাকায় এসব বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে। গোপালগঞ্জে মারামারি ও সংঘাতের মাধ্যমে একটি নতুন ইস্যু তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তথ্যমন্ত্রীর ভাষ্য, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে চায়। কিন্তু সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ দলটিকে প্রত্যাখ্যান করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।
আওয়ামী লীগের শাসনামলে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে পার্থ বলেন, দলটি দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিটের অর্থ লুট করে নিয়ে গেছে। এর দায় বর্তমান সরকারের না হলেও সেই পরিস্থিতির দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে। বিদ্যুৎও বেশি দামে কিনতে হচ্ছে।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মনে করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি যেকোনোভাবে ফিরে এলে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে।
এদিকে বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার পর যারা পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।