টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন, গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

এফএনএস; গোপালগঞ্জ: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ পিএম
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-আগুন, গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগ্রহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ব্যবহারের পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরায় মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক এপিসি মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমেও সরাসরি ভিডিও ধারণ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়াই এর লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বাহিনীটি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এসব হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জড়িত।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেনের দাবি, তাঁর বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের পর আগুন দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিকেল থেকেই নিলফা বাজার এলাকায় আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। তাঁরা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান। সন্ধ্যার পর মিছিল নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
মোক্তার হোসেন আরও বলেন, তাঁর পাকা বাড়ির যে অংশ অক্ষত রয়েছে, সেটিও ভেঙে ফেলতে বুলডোজার আনার হুমকি দিয়ে গেছেন হামলাকারীরা।
গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান জানিয়েছেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে লুটপাটের পর আগুন দেওয়া হয়েছে। তাঁর মেয়ের বিয়ের জন্য রাখা স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া ইমদাদ মোল্লার ভাইয়ের দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী লুটের অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় দায়িত্ব পালনকালে হামলার স্বীকার হয়েছেন উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী। গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী তিনি। টুঙ্গিপাড়া কলেজ রোড এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
ওসি বলেন, উপজেলা বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য তাঁরা পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. ইসকান্দার শেখ জানান, রোববার বিভিন্ন স্থানে আগুন লাগার ১২ থেকে ১৫টি খবর পেয়েছিলেন তাঁরা। কাছাকাছি সময়ে একাধিক স্থানে আগুন লাগায় সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। রাত পৌনে ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন, পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে আগুন নেভাতে দুইবার যাওয়ার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমবার স্থানীয় কয়েকজন বাধা দেওয়ায় ফিরে আসতে হয়। পরে পুলিশ ও স্থানীয় বাজারের লোকজনের নিরাপত্তায় সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তাঁরা। গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার খবর পেলেও সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিএনপি নেতাকর্মীদের দাবি, অন্তত আটজন নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে