পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম
পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা সফল হবে না: রিজভী
ছবি: সংগ্রহীত

পতিত ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশী দেশের মদদে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে জনগণ তাদের এই অপচেষ্টা সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন প্রতিবেশী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। গুম-খুনের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করলেও জনগণ তা হতে দেবে না।
রিজভী বলেন, রক্তাক্ত পথ তৈরি করে কিংবা গুম-খুনের রাজনীতি করে আর ক্ষমতায় আসা সম্ভব হবে না। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ সচেতন। পতিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।
ক্ষমতায় ফিরতে পারলে আওয়ামী লীগ আবারও ব্যাংকের টাকা পাচার করবে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তাদের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবন যাপন করবেন। সেই সুখের স্বর্গে তাদের আর ফিরে যাওয়ার সুযোগ হবে না।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে, তাদের আর কেউ এ দেশে দেখতে চায় না। জনগণকে সঙ্গে নিয়ে পতিত ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, এই কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। তাঁরা দায়িত্বে থাকলে দল সাংগঠনিকভাবে শক্তিশালী থাকবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ভবিষ্যতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করবে বিএনপি।

আপনার জেলার সংবাদ পড়তে