এফএনএস এক্সক্লুসিভ: ট্রেনে আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার পরিবহনে ডলার দরে ভাড়া গুনতে হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। রেলওয়ে আন্তর্দেশীয় তিনটি ট্রেনের যাত্রীভাড়া ৬ মাস অন্তর ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে। বন্দর ও কাস্টমসেও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট মাশুল ও শুল্ক নির্ধারণে ডলারের মূল্য বিবেচনায় নেয়া হয়। ব্যবসায়ীরাও বিদেশি ক্রেতার কাছে ডলারে পণ্যের দাম নির্ধারণ করেন। একইভাবে রেলওয়ে কনটেইনার পরিবহণ ভাড়া নির্ধারণেও ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরতে চায়। সেজন্যই বাংলাদেশ রেলওয়ে আমদানি-রফতানির কনটেইনার পরিবহনে ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কনটেইনার পরিবহনের ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রত্যাহার ও এক্সট্রা ডিসট্যান্স অব পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে রেলওয়ে কনটেইনার ভাড়া ডলারে যুগোপযোগী করতে চায়। বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ডলার দরে কনটেইনারের ভাড়া নির্ধারণে রেলওয়ের রাজস্ব বাড়বে। তাতে পরিচালন আয় ও ব্যয়ের ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে যাত্রী, পণ্য, জ্বালানি ও কনটেইনার পরিবহনের মূল ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই। তবে রেয়াতি সুবিধা ও বিভিন্ন সেবামূল্য সমন্বয়ের মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেজন্য বিবেচনায় নেয়া হচ্ছে যাত্রী ও অন্যান্য পণ্য পরিবহনের পর এবার কনটেইনারেও রেয়াত প্রত্যাহার ও পন্টেজ চার্জ আরোপের বিষয়টি। আর এসব পরিবর্তনের সময় ভাড়া নির্ধারণে ডলারের বিনিময় হারকে ভিত্তি ধরা হবে। তারপর বিনিময় হারের ওঠানামা অনুযায়ী প্রতি ৬ মাস অন্তর ভাড়া সমন্বয়ের সুযোগ থাকবে।
সূত্র জানায়, বিগত ১৯৯২ সাল থেকে ১০০ কিলোমিটারের বেশি রেলযাত্রায় দূরত্বভেদে ২০, ২৫ ও ৩০ শতাংশ ছাড় দেওয়া হত। কিন্তু ২০১২ সালে সেকশনভিত্তিক রেয়াত বাতিল হলেও দূরত্বভিত্তিক ওই সুবিধা বহাল ছিল। তবে ২০২৪ সালের মে মাসে তা প্রত্যাহার করা হয়। আর ২০২৫ সালের ২০ ডিসেম্বর পূর্বাঞ্চলের ৬টি রুটে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যরে সেতু ও ভায়াডাক্ট ব্যবহারে অতিরিক্ত দূরত্বের মাশুল বা পন্টেজ চার্জ আরোপ করা হয়। তাতে রুটভেদে যাত্রীভাড়া ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত বাড়ে। কিন্তু তখনো কোনো ক্ষেত্রেই কনটেইনার পরিবহনের ভাড়া বাড়ানো হয়নি। এবার কনটেইনারেও রেয়াত প্রত্যাহার ও পন্টেজ চার্জ আরোপ করা হচ্ছে।
সূত্র আরও জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিডিমুখী ২০ ও ৪০ ফুটের ৬টি ওজনশ্রেণীতেই ১৯৯২ সালের তুলনায় ২০১৬ সালে টাকার অংকে ভাড়া বাড়লেও ডলারের হিসাবে কমেছে। ২০ ফুটের ১৫ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া ১৯৯২ সালে ছিল ৬ হাজার টাকা বা ১৫৩ ডলার ৩৪ সেন্ট। ২০১২ সালে তা বেড়ে ৯ হাজার টাকা হলেও ডলারে কমে দাঁড়ায় ১০৯ ডলার ৭৬ সেন্টে। ২০১৬ সালে ভাড়া হয় ৯ হাজার ৭০০ টাকা বা ১২৩ ডলার ৫৭ সেন্ট। ২০ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া ওই তিন বছরে যথাক্রমে ৮ হাজার টাকা বা ২০৪ ডলার ৪৫ সেন্ট, ১২ হাজার টাকা বা ১৪৬ ডলার ৩৪ সেন্ট এবং ১২ হাজার ৯০০ টাকা বা ১৬৪ ডলার ৩৩ সেন্ট। ২৫ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া ছিল যথাক্রমে ৯ হাজার টাকা বা ২৩০ ডলার, ১৩ হাজার টাকা বা ১৫৮ ডলার ৫৪ সেন্ট এবং ১৪ হাজার ৫০০ টাকা বা ১৮৪ ডলার ৭১ সেন্ট। তাছাড়া ২৫ টনের বেশি ওজনের ২০ ফুট এবং ৩০ টন পর্যন্ত ৪০ ফুট কনটেইনারের ভাড়া ১৯৯২ সালে ছিল ১০ হাজার টাকা বা ২৫৫ ডলার ৫৯ সেন্ট। ২০১২ সালে তা হয় ১৫ হাজার টাকা বা ১৮২ ডলার ৯৩ সেন্ট এবং ২০১৬ সালে ১৬ হাজার ১০০ টাকা বা ২০৫ ডলার ১০ সেন্ট। ৩০ টনের বেশি ওজনের ৪০ ফুট কনটেইনারের ভাড়াও ওই তিন বছরে যথাক্রমে ১৪ হাজার টাকা বা ৩৫৭ ডলার ৭৮ সেন্ট, ২১ হাজার টাকা বা ২৫৬ ডলার ১০ সেন্ট এবং ২২ হাজার ৬০০ টাকা বা ২৮৭ ডলার ৯০ সেন্ট। ডলারের হিসাবে ভাড়া কমে যাওয়ায় রেলওয়ে আমদানি-রফতানির কনটেইনার পরিবহনে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া ঢাকা আইসিডি থেকে চট্টগ্রাম বন্দরগামী কনটেইনার পরিবহনেও একই চিত্র। ২০ ফুটের ১৫ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া ১৯৯২ সালে ছিল ৩ হাজার টাকা বা ৭৬ ডলার ৬৭ সেন্ট। ২০১২ সালে তা বেড়ে ৪ হাজার ৫০০ টাকা হলেও ডলারে কমে দাঁড়ায় ৫৪ ডলার ৮৮ সেন্টে। ২০১৬ সালে ভাড়া হয় ৪ হাজার ৯০০ টাকা বা ৬২ ডলার ৪২ সেন্ট। ২০ ফুটের ২০ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া এ তিন বছরে যথাক্রমে ৪ হাজার টাকা বা ১০২ ডলার ২২ সেন্ট, ৬ হাজার টাকা বা ৭৩ ডলার ১৭ সেন্ট এবং ৬ হাজার ৫০০ টাকা বা ৮২ ডলার ৮০ সেন্ট। ২৫ টন পর্যন্ত কনটেইনারের ভাড়া ছিল যথাক্রমে ৪ হাজার ৫০০ টাকা বা ১১৫ ডলার, ৬ হাজার ৭৫০ টাকা বা ৮২ ডলার ৩২ সেন্ট এবং ৭ হাজার ৩০০ টাকা বা ৯২ ডলার ৯৯ সেন্ট। তাছাড়া ২৫ টনের বেশি ওজনের ২০ ফুট এবং ৩০ টন পর্যন্ত ৪০ ফুট কনটেইনারের ভাড়া ১৯৯২ সালে ছিল ৫ হাজার টাকা বা ১২৭ ডলার ৭৮ সেন্ট। ২০১২ সালে তা হয় ৭ হাজার ৫০০ টাকা বা ৯১ ডলার ৪৬ সেন্ট এবং ২০১৬ সালে ৮ হাজার ১০০ টাকা বা ১০৩ ডলার ১৮ সেন্ট। ৩০ টনের বেশি ওজনের ৪০ ফুট কনটেইনারের ভাড়া এ তিন বছরে যথাক্রমে ৭ হাজার টাকা বা ১৭৮ ডলার ৮৯ সেন্ট, ১০ হাজার ৫০০ টাকা বা ১২৮ ডলার ৫ সেন্ট এবং ১১ হাজার ৩০০ টাকা বা ১৪৩ ডলার ৯৫ সেন্ট। অর্থাৎ বন্দরমুখী পথেও ২০১৬ সালের ডলারভিত্তিক ভাড়া ১৯৯২ সালের তুলনায় কম ছিল।
এদিকে রেলে কনটেইনার ভাড়া পর্যালোচনা কমিটি সংশ্লিষ্টদের মতে, ডলারের হিসাবে ১৯৯২ সালের তুলনায় রেলওয়ে কনটেইনার পরিবহনে অনেক কম ভাড়া আদায় করছে। এখন আর তিন দশক আগের ভাড়া সমন্বয়ের সুযোগ নেই। তবে ভবিষ্যতে ভাড়া বৃদ্ধি কিংবা রেয়াতি মাশুল পরিবর্তনের সময় বিদ্যমান ভাড়াকে ভিত্তি ধরে ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে কনটেইনার ভাড়াও সমন্বয় করা হবে। তাতে বৈদেশিক বাণিজ্যের কনটেইনার পরিবহণ থেকে উল্লেখযোগ্য বাড়তি রাজস্ব পাওয়া যাবে।
অন্যদিকে আগে থেকেই বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট মাশুলে বন্দর ও কাস্টমসে ডলারের ব্যবহার রয়েছে। চট্টগ্রাম বন্দরের ২০২৫ সালের ট্যারিফ অনুযায়ী বিভিন্ন পাওনা ও চার্জ মার্কিন ডলারে অথবা জাহাজ আগমনের দিনে সোনালি ব্যাংকের ঘোষিত বিক্রয় হারে বাংলাদেশি মুদ্রায় পরিশোধ করা যায়। বন্দরের নিজস্ব আইন ও ট্যারিফের ভিত্তিতে এ ব্যবস্থা চালু রয়েছে। রেলওয়েও আন্তর্দেশীয় ৩টি ট্রেনের যাত্রীভাড়া প্রতি ৬ মাস অন্তর ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে। একইভাবে ভবিষ্যতে ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন মাশুল যুক্ত করার সময় কনটেইনার ভাড়া নির্ধারণে ডলারের বিনিময় হার বিবেচনায় নেয়া হবে। তাতে পণ্য পরিবহনে রাজস্ব বাড়িয়ে পরিচালন আয়-ব্যয়ের ব্যবধান কমানো সম্ভব হবে বলে।
এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, বিগত ২০১৬ সালের পর রেলের ভাড়া বাড়েনি। এরই মধ্যে জ্বালানির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। রেলওয়ে গত দুই বছরে আয়-ব্যয়ের ব্যবধান উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে আনলেও ভাড়া সমন্বয় ছাড়া রেলওয়েকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কনটেইনার পরিবহনের ভাড়া ডলার মূল্যের সঙ্গে সমন্বয় করলে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যাবে। রেলওয়ে বিষয়টি বিবেচনায় রেখেছে। রোলিং স্টকের সাময়িক সংকটগুলো নিরসনের কাজ শুরু হয়েছে। লোকোমোটিভ সরবরাহ বাড়িয়ে কনটেইনার পরিবহনের সুযোগ বৃদ্ধি করে নতুন এ পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।