নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ পিএম
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম
ছবি: সংগ্রহীত

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় হবে থানাটির অবস্থান।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের সভায় নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি স্থাপন করা হবে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায়।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।

আপনার জেলার সংবাদ পড়তে