কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার শঙ্কা তবুও

ঐতিহ্য টিকিয়ে রাখতে কলারোয়ায় চলছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি

জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৪৯ পিএম
ঐতিহ্য টিকিয়ে রাখতে কলারোয়ায় চলছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি
ছবি: FNS

শীত মৌসুমের আগমনি বার্তায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার কলারোয়ার গাছিরা। এক সময় এ অঞ্চলের দিগন্তজুড়ে মাঠ কিংবা সড়কের দুপাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়লেও কালের বিবর্তনে তা আজ হারিয়ে যেতে বসেছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে শীত ঋতুতে মিষ্টি রসের স্বাদ নিতে এখন থেকেই পুরোদমে চলছে প্রস্তুতি।

শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আমেজ শুরু হতেই প্রতিযোগিতায় নেমে পড়েন গাছিরা। এলাকায় শীতের তীব্রতা পুরোপুরি না আসলেও এরই মধ্যে খেজুর গাছ প্রস্তুত ও রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন অনেকে। আগের মতো প্রতিটি বাড়ির আঙিনা, ক্ষেতের আইল কিংবা রাস্তার ধারে এখন আর সেই অপরূপ সারি সারি খেজুর গাছ দেখা যায় না। তবে যে কয়েকটি গাছ টিকে রয়েছে, তা থেকেই রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
সারা বছর খেজুর গাছ অবহেলায় পড়ে থাকলেও শীত মৌসুম আসতেই এর কদর বহুগুণ বেড়ে যায়। বছরের এই ৩ মাস গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা হয়। ভোরবেলা গাছ থেকে রস নামানোর সময়ে গ্রামীণ পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত মধুর ও প্রাণবন্ত।
একসময় রস সংগ্রহকারী গাছিদের ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্যে মুখরিত থাকত চারপাশ। রস জ্বালিয়ে গুড় ও পাঙালি তৈরি করতেন তারা। নতুন প্রজন্মের কাছে এটি রূপকথার মতো মনে হলেও একসময়ের এটি ছিল বাংলার অতি পরিচিত এক বাস্তব চিত্র। বর্তমানেও যারা গাছ কাটেন এবং রস সংগ্রহ করেন, তাদের কাছে এর কদর একটুও কমেনি। পাশাপাশি বাজারে খাঁটি ঝোলাগুড় ও পাটালির চাহিদাও বেশ চড়া।মতিয়ার রহমান গণপতিপুর গ্রাম জানান আমার ৬ গড়া (২০টি) গাছ আছে। আমি নিজেই রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কার করি এবং নিয়মিত রস সংগ্রহ করে থাকি। মোসলেম আলী (স্থানীয় গাছি বলেন অন্যের খেজুর গাছ শর্তসাপেক্ষে (রস ও গুড় দেওয়ার শর্তে) পরিষ্কার করি এবং কাটি। এবারেও রস সংগ্রহের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছি। মৌত্রা স্থানীয় বাসিন্দা বলেন নতুন রস ও গুড় বাজারে উঠলে আশপাশে বিক্রি করা যায়, এতে কিছুটা বাড়তি লাভ আসে। গ্রামে এখনও শীতের পিঠা-পুলি ও ফির পায়েস খাওয়ার প্রচলন রয়েছে। আমড়া গুড় বানাই, অনেকেই তা কিনে নেন। কলারোয়ার শীত মানেই ঘরে ঘরে রস, গুড়, পিঠা-পুলি ও পায়েস খাওয়ার উৎসব। পরিবেশবান্ধব এই খেজুর গাছ আজ উপজেলা জুড়ে বিলুপ্তির পথে থাকলেও, গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উপজেলাব্যাপী চলছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি।

আপনার জেলার সংবাদ পড়তে