কাগজি ফুলগাছে চড়ুইদের রাজত্ব, মুগ্ধতা ছড়াচ্ছে

মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম
কাগজি ফুলগাছে চড়ুইদের রাজত্ব, মুগ্ধতা ছড়াচ্ছে
ছবি: FNS

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের মৃদু হাওয়া। কুয়াশাভেজা সকালের স্নিগ্ধ আমেজে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাইহুনি গ্রামে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয় সংবাদকর্মী আব্দুল মোমিনের বাড়ির দুটি কাগজি ফুলগাছ এখন শত শত চড়ুই পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল ও বিকেলে হারিয়ে যেতে বসা গ্রামীণ এ দৃশ্য দেখতে ভিড় করছেন কৌতূহলী পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই শত শত চড়ুই পাখি এসে জড়ো হয় বাড়ির সামনের ওই দুটি ফুলগাছে। সকালের মিষ্টি রোদে গাছের ডালে ডালে চড়ুইয়ের কিচিরমিচির আর তাদের দলবদ্ধ ওড়াউড়িতে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ঘণ্টা দুয়েক অবস্থানের পর পাখিগুলো আশপাশের মাঠে খাবারের সন্ধানে ছড়িয়ে পড়ে। বিকেল নামতেই আবার দল বেঁধে ফিরে আসে নির্দিষ্ট ওই গাছ দুটিতে। শহুরে যান্ত্রিকতার বাইরে গ্রামের শান্ত পরিবেশে পাখিদের এমন কোলাহল যে কারও মনে এনে দেয় প্রশান্তি। বাড়ির মালিক ও বাংলাপোস্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন জানান, শীতের আমেজ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন নিয়ম করে এমন দৃশ্য দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘হঠাৎ করেই বাড়ির সামনের কাগজি ফুলগাছ দুটিতে বিপুলসংখ্যক চড়ুই পাখির এমন সমাগম সত্যিই অবাক করার মতো। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর পাখির এই কলকাকলি আর বিকেলে তাদের এই মেলা বসা আমাদের পুরো পরিবার ও প্রতিবেশীদের মুগ্ধ করছে। গাছ দুটি এখন এই চড়ুইগুলোর নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। পাখিদের সুরক্ষার কথা ভেবে আমড়া পরিবারের সবাই এগুলোর প্রতি বিশেষ যত্নশীল থাকি, যাতে কেউ তাদের বিরক্ত না করে।’ প্রতিদিনের এই দৃশ্য উপভোগ করতে আসা বাইহুনি গ্রামের বাসিন্দা ও পথচারী হাবিবুর মোড়ল বলেন, ‘রাস্তা দিয়ে যাতায়াতের সময় চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শুনেই মণ জুড়িয়ে যায়। এখন শুধু আমি নই, রাস্তা দিয়ে যারাই যান, তারাই একটু থেমে এই দৃশ্য উপভোগ করেন।’একইভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখির ডাক শুনে বাড়িটিতে প্রবেশ করেন ইমপালস ফার্মাসিউটিক্যালসের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মাসুম হোসেন। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘শত শত চড়ুই পাখির একসঙ্গে কিচিরমিচির করার এই শব্দ বর্তমান ব্যস্ত সময়ে আমাদের শৈশবের গ্রামীণ রূপ মনে করিয়ে দেয়। দৃশ্যটি সত্যিই অসাধারণ।’পরিবেশবিদ আশেক ই এলাহীসহ পরিবেশবিদরা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচারে গাছপালা কেটে ফেলার কারণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাখি ও জীববৈচিত্র্য যখন হুমকির মুখে, তখন মানুষের বসতবাড়িতে এমন নিরাপদ আশ্রয়ে চড়ুই পাখির ঝাঁক বেঁধে বসবাস ইতিবাচক বার্তা দেয়। এটি প্রমাণ করে, সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও প্রকৃতিপ্রেম আজও বন্যপ্রাণী ও পাখিদের রক্ষা করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে