খুলনায় হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি

এমএ আজিম; খুলনা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:৪০ পিএম
খুলনায় হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি
ছবি: FNS

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খুলনা জেলা শাঁখা। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে দলটি।
শনিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি, খুলনা জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির খুলনা জেলা আহবায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু এর বিপরীতে খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছেন। অপরাধী ও চাঁদাবাজরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ছোট-বড় প্রায় সব শ্রেণির ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদা দাবি করা হচ্ছে এবং হুমকির মুখে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকও প্রকাশ্যে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
দলটির মতে, এসব অপরাধের পেছনে রাজনৈতিক দল বা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলনে এনসিপি খুলনা জেলা শাখার পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে-
১. খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি এবং নিষ্পত্তির তথ্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ অপরাধ পরিস্থিতির श्वতেপত্র (হোয়াইট পেপার) প্রকাশ করতে হবে। ৩. খুলনা অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠন করতে হবে এবং এই টাস্কফোর্সকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। ৪. সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। ৫. অপরাধচক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে এবং অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নির্বিশেষে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ৬. ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য পরিচয় গোপন রেখে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিযোগ জানানোর বিশেষ হটলাইন চালু করতে হবে এবং অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে এবং ৭. খুলনার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যথায় খুলনার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে। সংবাদ সম্মেলনে এনসিপি খুলনা জেলা শাখার অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে