বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে আসেন। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তাঁর ছেলে ইমরান খান সালামকে জানায়। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর যুবদল নেতা ইমরান খান সালাম তার ৩/৪ জন সহযোগীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন।একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাঁধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।