উজিরপুরে পৃথকভাবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০১:৫০ পিএম
উজিরপুরে পৃথকভাবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: FNS

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালের উজিরপুর উপজেলার দুইটি স্থানে পৃথকভাবে আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রথম প্রহরে একটি রুমের মধ্যে এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের লিখিত শপথ বাক্য পাঠ করিয়েছেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানের ব্যানারে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার সাথে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহ-সভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপর একটি ভিডিওতে অজ্ঞাতস্থানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পূর্বে নেতাকর্মীদের বলতে শোনা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে উজিরপুর  উপজেলা যুবলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। এদিকে আত্মগোপনে থাকা যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এমন আয়োজন এবং শপথ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অনুষ্ঠান দুটি ঠিক কোনস্থানে আয়োজন করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে