পটুয়াখালীর বাউফলে শক্তিশালী এক্সকাভেটর (ভেকু মেশিন) দিয়ে তেঁতুলিয়া নদীর পাড় ও চরের মাটি কেটে তরমুজ প্রজেক্ট রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। নদীর পাড় ও তলদেশ থেকে ভেকু দিয়ে মাটি কাটায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে চর কাটায় আশঙ্কাজনকভাবে কমছে আবাদি জমির পরিমাণ। এতে চরম হুমকিতে পড়েছে উপক‚লীয় অঞ্চলের কৃষি ও কৃষি জমি।
এদিকে, প্রকাশ্য ২০টি চরে অবৈধভাবে নদীর মাটি কাটা হলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন। অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালীরা নদীর মাটি কেটে বাঁধ নির্মাণ করছেন।
কৃষি বিভাগের তথ্য মতে, উপজেলার কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নে ছোট বড় ২০টি চর রয়েছে। এসব চরাঞ্চলে প্রায় ৪৫শ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়ে থাকে। এব বছর তা বেড়ে ৫ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে। সবচেয়ে বেশি তরমুজ আবাদ হয় তেঁতুলিয়া নদী বেষ্ঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চল ও কালাইয়া ইউনিয়নের চরগুলোতে। ইতিমধ্যে তরমুজ আবাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া নদীর বুক চিরে জেগে ওঠা চর ফেডারেশনে প্রায় ৩৮৫ একর জমিতে তরমুজ প্রজেক্ট করা হয়েছে। চরের চারপাশে বাঁধ নির্মাণ করতে দিন- রাত মিলিয়ে অবাধে কাটা হচ্ছে নদী। শক্তিশালী ভেকু মেশিন দিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট নদীর পাড় ও তলদেশ থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছেন। কোথায়ও কোথায়ও সরাসরি চর কেটেই বাঁধ দেওয়া হয়েচ্ছে।
চরফেডারেশনে ভোলা থেকে আসা প্রিন্স নামে এক তরমুজ চাষি জানান, তিনি ওমর মুন্সী নামে এক ব্যক্তির মাধ্যমে জমি ৪০ একর জমি লিজ নিয়েছেন। সেই জমিতে তরমুজ আবাদ করবেন। তাই বাঁধ নির্মাণ করছেন। নদী কেটে বাঁধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘ নদী / চর কাটা যে অবৈধ তা তার জানা নেই।
চরফেডারেশনের পশ্চিম পাশে চর কালাইয়া ও চর শৌলা। দুই চরে প্রায় ৮২০ একর জমিতে তরমুজ আবাদের প্রস্তুতি চলছে। চরের পূর্ব পাশে তেঁতুলিয়া ও চর দুটোর অভ্যন্তরে খাল থেকে মাটি করে বাঁধ নির্মাণ করা হচ্ছে। একচিত্র পাশের চর মোয়াজ্জেমে। ওই চরে ১০৪ একর জমি নিয়ে তরমুজ প্রজেক্ট করা হয়েছে। সেখানেও বাঁধ নির্মাণে কাটা হচ্ছে নদীর মাটি।
অপরদিকে উপজেলায় সবচেয়ে বেশি তরমুজ আবাদ হয় তেঁতুলিয়া নদীর বেষ্ঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে। এ ইউনিয়নের চর ব্যারেট, রায়সাহেব, চর নিমদী, চর কচুয়া, চর ওয়াডেল, চর মিয়াজান সহ ছোট বড় ১১টি চরে তরমুজ আবাদ হয়। সব চর গুলোতে তেঁতুলিয়া নদীর পাড়, তলদেশের মাটি ও নতুন জেগে ওঠা চর কেটে বাঁধ নির্মাণ করছেন প্রভাবশালীরা।
চরাঞ্চলের বাসিন্দা জানান,‘ অধিক লাভের আশায় এক শ্রেণির মৌসুমি চাষীরা কোটি কোটি টাকা বিনয়োগ করে তরমুজ আবাদ করেন। যা নিয়ে চরগুলো গড়ে উঠেছে বিভিন্ন সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন বিভিন্ন রাজনীতিক দলের প্রভাবশালী নেতারা। তারা ক্ষমতার প্রভাব ঘাটিয়ে নদী, নদীর পাড় ও চর কেটে বাঁধ নির্মাণ করেন।’
এদিকে, অবাধে নদীর পাড় ও তলদেশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় নদী ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়ছে কৃষি জমি। এভাবে নদী কেটে বাঁধ নির্মাণ করলে কয়েক বছরের মধ্যে আশাঙ্কাজনক হারে আবাদি জমি কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পরিবেশও মারাত্মক হুমকিতে পড়বে।
পরিবেশ বিষয়ক সংগঠন ’ সেইভ দ্যা বি এÐ র্বাডস’ এর পরিচালক এমএ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায় এবং পাড়ে ভাঙন তীব্র হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে নদীর পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। এতে স্বল্পমেয়াদে ফসল রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার ভ‚মি সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন,‘ নদী পাড় বা তলদেশ থেকে মাটি কাটার সুযোগ নেই। এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।