বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের সুপার ভাইজার মো. মহিউদ্দিন তালুকদার (২৮) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানিয়েছেন, সোমবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানের চার লাখ ৫৩ হাজার তিনশ' টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয় মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরবর্তীতে আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আশোকাঠী মোহন লাল সাহার বাড়ি সংলগ্ন রাস্তার পাশ থেকে তার (মহিউদ্দিন) ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে বারোটা পর্যন্ত মহিউদ্দিন তালুকদারের কোনো খোঁজ মেলেনি। অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিখোঁজ মহিউদ্দিন তালুকদারকে উদ্ধার এবং ঘটনার মূলরহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।