ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, ঢাবিতে বিস্ফোরণে আহত চালক

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:২৮ পিএম
ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, ঢাবিতে বিস্ফোরণে আহত চালক
ছবি: FNS

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। একই দিনে ধানমন্ডির সিটি কলেজের পাশ থেকেও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে ককটেল দুটি পাওয়া যায়। উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি ককটেল পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডাকা হয়। দলটি এসে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রেজানুর রহমান জানান, কারা ককটেল ও চিরকুট সেখানে রেখে গেছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চিরকুটের সঙ্গে ককটেল রাখার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
একই দিন ধানমন্ডির সিটি কলেজের পাশের একটি স্থান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলোও নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা সেখানে ককটেল রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা দুইটার পর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এবং কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ককটেলটি ভবনের ওপর থেকে ছোঁড়া হয়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ধারণা করছেন।
অন্য বিস্ফোরণটি ঘটে কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায়। এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে চলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন।
এর আগে রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দুই দিনের ঘটনায় পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছিল।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ককটেল উদ্ধারের পর ওই এলাকাতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে