কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠক সন্ধ্যায়

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:০১ পিএম
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠক সন্ধ্যায়
ছবি: FNS

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বিকেলে তাঁর আন্তালিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা।
সফরসূচি অনুযায়ী, আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি হবে সফরে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। সেখানে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার ঢাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজনের জন্য অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা তৈরি ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা দেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্যও তুলে ধরা হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে বিনিময় করা হবে।
কপ-৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বর্ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বর্ণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ ও করণীয় নিয়ে এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে। আর আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।
সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে