মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদী ও সাগরে মাছ ধরতে ফিরেছেন জেলেরা। উপকূলীয় মাছঘাটে বেড়েছে ইলিশের বেচাকেনা, রাজধানীর বাজারেও মিলছে আগের চেয়ে বেশি মাছ। তবে সরবরাহ বাড়লেও দামে তার প্রভাব পড়েনি। এখনও কেজিপ্রতি ৭০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। ফলে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে জাতীয় মাছ কেনা কঠিন হয়ে আছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আকার ও ওজন অনুযায়ী পাঁচ ধরনের ইলিশ বিক্রি হচ্ছে। এক কে.জি. ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়।
এর চেয়ে ছোট ইলিশের দামও কম নয়। তিনটিতে এক কে.জি. বা কিছুটা বেশি হয়, এমন মাছ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজিদরে। চারটিতে এক কে.জি. হয় এমন ইলিশের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। আর পাঁচ থেকে ছয়টিতে এক কে.জি. হয় এমন ছোট ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা।
রাজধানীর মুগদা বাজারের মাছ বিক্রেতা লোকমান জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ বেড়েছে। তবে আড়তে বেশি দামে মাছ কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম কমানোর সুযোগ নেই।
তিনি বলেন, পাঁচ থেকে ছয়টিতে এক কে.জি. হয় এমন ইলিশ আড়ত থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা কে.জি. দরে কিনতে হয়। পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করেন তাঁরা।
বাজারে ইলিশ কিনতে এসে দামের বিষয়ে অসন্তোষ জানান বেসরকারি চাকরিজীবী সোলাইমান মন্ডল। তাঁর অভিযোগ, সাগরে জেলেদের মাছ ধরার ভিডিওতে প্রচুর ইলিশ ধরা পড়তে দেখা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। সরবরাহের তুলনায় বাজারে মাছের প্রাপ্যতা কম, আবার যে মাছ পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
ইলিশের বাজারে দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান তিনি। সোলাইমান মন্ডলের মতে, অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান পর্যবেক্ষণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এসব উদ্যোগ নেওয়া গেলে সাধারণ ক্রেতাদের নাগালে ইলিশের দাম আনা সম্ভব বলে মনে করেন তিনি।
মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়। ২৯ অক্টোবর মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে ৩০ অক্টোবর থেকে নদী ও সাগরে মাছ ধরার অনুমতি পান জেলেরা। এরপর আবারও মাছ আহরণে নামেন তাঁরা। মাছ ধরার নৌকায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উপকূলীয় মাছঘাটগুলোতেও শুরু হয়েছে ইলিশের বেচাকেনা। তবে সরবরাহ বাড়ার পরও বাজারে দাম না কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরেনি।