মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি পথ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এ কারণে সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী, দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে নতুন পাসপোর্ট দেওয়া বা পাসপোর্ট নবায়নের সুযোগ নেই।
তিনি জানান, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদ অনুযায়ী, আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না। একই আদেশের ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে।
আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ ছাড়া পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের বিভিন্ন উপধারা বিবেচনায় নিলে দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এক্তিয়ার কর্তৃপক্ষের নেই।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাচল, বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা থাকলেও দণ্ডিত ও পলাতক আসামির ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে অংশ নেননি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ-সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
আপিলের সুযোগ আর নেই
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার চলাকালে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করেননি। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তিনি আপিলও করেননি। ফলে ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলা মোকাবিলা করতে পারতেন। রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগও ছিল। কিন্তু তা না করে এখনকার তৎপরতাকে তিনি রাজনৈতিক অবস্থান ও অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখছেন।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিতভাবে জানাতে হবে। তাঁকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাসপোর্টের আবেদন নিয়ে প্রশ্ন
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক পাঁচ ব্রিটিশ ব্যারিস্টার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা নিজে বা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদন করেছে একটি আইনজীবী চেম্বার। ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি চেম্বার কীভাবে আবেদন করছে এবং তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি রয়েছে, তা স্পষ্ট নয়। এ-সংক্রান্ত চুক্তির কপিও প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।
আমিনুল ইসলামের প্রশ্ন, ক্লায়েন্টের সঙ্গে আইনি চুক্তি না থাকলে ওই চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে। তাঁর মতে, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। এমন কোনো নথি ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের অবস্থানের সাংঘর্ষিক হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা ছাড়া শেখ হাসিনার ক্ষেত্রে বিকল্প কোনো আইনি পথ নেই। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার চালানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।