পাবনার সুজানগরের সাতবাড়ীয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে পদ্মাপাড়ের বাসিন্দাদের মনে স্বস্তি দেখা দিয়েছে। গত শনিবার সকালে পাবনা-২আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব ওই জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন। পদ্মাপাড়ের বাসিন্দা ডাঃ আবুল কালাম জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীর সাতবাড়ীয়া এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। আর ওই ভাঙ্গনের মুখে পড়ে পদ্মাপাড়ের শত শত বাড়িঘরের পাশাপাশি সাতবাড়ীয়া পদ্মা রিসোর্ট এবং সাতবাড়ীয়া মৎস্য আড়ৎ। এলাকাবাসী ভাঙন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন। এরই প্রেক্ষিতে পাউবো বেড়া কর্তৃপক্ষ সরেজমিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে যথাযথ প্রক্রিয়ায় ওইদিন ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করার উদ্যোগ নেয়। পদ্মাপাড়ের বাসিন্দা আব্দুল কদ্দুস বলেন জিও ব্যাগ ডাম্পিং করায় বর্ষা মৌসুমে বিশেষ করে ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া মৎস্য আড়ৎ এবং সাতবাড়ীয়া পদ্মা রিসোর্ট ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। তবে স্থায়ী ভাঙন প্রতিরোধে ওই এলাকায় সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা প্রয়োজন বলে পদ্মাপাড়ের বাসিন্দারা মনে করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এবং পাউবো বেড়ার উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রাজু আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।