চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রসিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, নাচোল উপজেলার বিএনপি নেতা নুর কামাল ও দুরুল হুদা এবং রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রসিদ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে করা ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।