ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, গোপালপুর পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (৮ নভেম্বর) বিকেলে গোপালপুর পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় সূত্রে জানা যায়, বিকেলে ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রিকশা স্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রসিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিএনপি নেতা ফিরোজ উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী বাবলা, সাবেক সদস্য আলী আজম গাগানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে আসেন।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তাঁরা।