নওগাঁর মান্দা উপজেলায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে মৎস্য দপ্তরের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশীথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫), মামুনুর রসিদ মামুন (৪১) ও আজিমুদ্দিন (৪৫) এবং চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর বসত। গত রোববার রাতে ওই বাড়িতে পুলিশের অভিযান চালানোর পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নিশীথ হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।