মেয়েকে জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:৩৫ পিএম
মেয়েকে জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিন উদ্যাপনের সব প্রস্তুতি চলছিল ঘরে। বাবা কথা দিয়েছিলেন, হাজীগঞ্জ বাজার থেকে কিনে আনবেন জন্মদিনের কেক। কিন্তু সেই কেক আর কোনো দিনও বাড়ি পৌঁছাল না। পথেই এক ঘাতক বাসের চাপায় কাড়ল বাবার প্রাণ, আর পুরো পরিবারে আনন্দের মুহূর্ত মুহূর্তে রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম আল আমিন (৪০)। তিনি শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আল আমিনের কন্যাসন্তানের জন্মদিন ছিল। ছুটি শেষে আগামী রোববার (১১ অক্টোবর) তাঁর আবারও সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। বিদেশে পাড়ি দেওয়ার ঠিক দুদিন আগে মেয়ের শুভ দিনটি স্মরণীয় করে রাখতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। পথে মৌতাবাড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় আল আমিন ও তাঁর সঙ্গে থাকা হৃদয় (১৯) নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের ভাই বাহার উদ্দিন শোকে বিহ্বল কণ্ঠে বলেন, "মেয়ের জন্মদিনের কেক কিনে আনতে গিয়ে আমার ভাই আর ফিরল না। রোববার তো ওর প্রবাসে চলে যাওয়ার কথা ছিল, অথচ আজ আমাদের সব শেষ হয়ে গেল।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হাজীগঞ্জ থানা-পুলিশ নিহতের মরদেহ শাহরাস্তি মডেল থানায় হস্তান্তর করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রবাসীর মর্মান্তিক এই মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

আপনার জেলার সংবাদ পড়তে