নতুন প্রাণের ছোঁয়ায় ক্যাম্পাসে উৎসবের আমেজ

চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে নবীন বরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ পিএম
চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে নবীন বরণ

বর্ণিল সাজ, রজনীগন্ধার সৌরভ আর স্বপ্নবাজ তরুণের পদচারণায় এক অনন্য আমেজে চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৮ অক্টোবর / ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে নতুন শিক্ষার্থীদের  বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে নতুনদের উৎসাহিত করেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আক্তার হোসেন মাঝি, কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য বাবু সুভাষ চন্দ্র রায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান পাটওয়ারী (পিএইচএফ)-এর চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনাতেই নবীনদের ফুলেল শুভেচ্ছা জানান জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

শিক্ষাজীবনের এই নতুন ধাপে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করার পরামর্শ দিয়ে শিক্ষকদের মধ্য থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষিকা সহকারী অধ্যাপক শিরিনা আকতার, সহকারী অধ্যাপক মানব মিশ্র এবং সহকারী অধ্যাপক শামীম সুলতানা। বক্তারা কেবল ভালো ফলাফলই নয়, বরং মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হয়ে নিজেদের খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। মূল আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূপুর বিশ্বাসের নান্দনিক পরিচালনায় কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত গান, কবিতা আর নাচের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যাপীঠ। নবীনদের আগমন আর জ্যেষ্ঠদের সমাদরে পুরো ক্যাম্পাসজুড়ে দিনভর বিরাজ করে উৎসবের আমেজ।

আপনার জেলার সংবাদ পড়তে