বাবুগঞ্জে

কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিল আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম
কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিল আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতকার্য মেধাবী ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো বাবুগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়। এসএসসির ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি বলেন, সততা, নৈতিকতা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে। আফসানা আরিফ ফাউন্ডেশন উইমেন্স কলেজের উদ্যোগের প্রশংসা করে ইউএনও বলেন, বাবুগঞ্জে প্রথমবারের মতো স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেয়েদের উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে এলাকার মেয়েরা মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। নারী শিক্ষার প্রসারে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিম বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য শুধু তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া নয়, বরং ভবিষ্যতের স্বপ্নকে আরও বড় করে তোলার জন্য তাদের অনুপ্রাণিত করা। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলেও তিনি জানান। কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম বলেন, বাবুগঞ্জে মাধ্যমিক পর্যায়ে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় থাকলেও উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন স্বতন্ত্র কোনো মহিলা কলেজ ছিল না। ফলে এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার জন্য বরিশাল শহরে যেতে হতো। এতে তাদের সময়, শ্রম ও অর্থ-তিনটিই বেশি ব্যয় হতো।

তিনি বলেন, এই বাস্তবতা থেকেই বাবুগঞ্জে একটি স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শুধু একটি কলেজ প্রতিষ্ঠা করা নয়; বরং এখানকার মেয়েদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা, যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিদুলা রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত  ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান। এছাড়া গেস্ট অব অনার ও মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য দেন গুয়াংদং হংহুয়া নিউ মেটেরিয়ালস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা ইয়াং। আয়োজকরা জানান, শুধু কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়াই নয়, তাদের স্বপ্নকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পরে কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে