গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রমের আওতায় আশাশুনিতে ৭৫০জন নিম্নআয়ের মানুষের মাঝে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের হোলদিপোতা সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের ৭৫০ জন মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দেওয়া হয়।
প্রাণের আলো ফাউন্ডেশন ও ডেইলী সেবা বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, কাদাকাটি ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সাবেক আহবায়ক মোঃ আব্দুল হান্নান সরদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিফটন, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম, মুনসুর আলী, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৫০ ব্যক্তিকে সোয়াবিন তেল ২ লিঃ, ডাল ১ কেজি, আটা ১ কেজি, লবণ ১ কেজি, সরিষার তেল ২০০ এমএল, ডিটার্জেন্ট পাওডার অর্ধ কিঃ, গায়ে মাখা সাবান ১০০ গ্রাম, ডিশ ওয়াশ ৫০০ গ্রাম এর একটি করে প্যাকেজ বিতরণ করা হয়। প্রতি প্যাকেজের মূল্য ৭৫০ টাকা। বিতরণকারী সংস্থা ২২ ধরনের প্যাকেজে মালামাল বিতরণ করে থাকে। বর্তমান সময়ে ১০ নং প্যাকেজের মালামাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে মাসে ৩ দিন করে ৩ স্থানে মালামাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার সব কয়টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিতরণ করা হবে। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।