অভয়নগরে ইয়াবা কারবারিসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৫:৪৯ পিএম
অভয়নগরে ইয়াবা কারবারিসহ ৫ মাদকসেবীর কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে একজন ইয়াবা কারবারি ও চার মাদকসেবীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদেরকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে ইয়াবা ট্যাবলেট কারবারি দেলোয়ার হোসেন দুলি (৩৭), বৌবাজার এলাকার মৃত মোহাম্মদ মোল্যার মেয়ে মাদকসেবী রোজিনা বেগম (৪০), গুয়াখোলা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৫৭), একই গ্রামের মৃত খলিলের ছেলে জাহাঙ্গীর (৩৭) ও শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহুল ইসলাম হিমেল (১৯)। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদকবিরোধী অভিযানে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন দুলি নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়। এরপর বৌবাজার এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ মাদকসেবী রোজিনা বেগমকে, গুয়াখোলা গ্রামের পৌর বাইপাস সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ফারুক বিশ্বাসকে এবং একই গ্রামের হাইস্কুল গেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে ৯৫ (পচাঁনব্বই) দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা করে জরিমানা করেন। অপর অভিযানে শংকরপাশা গ্রামে নিজ বাড়ি থেকে রাহুল ইসলাম হিমেল নামে এক মাদকসেবীকে মাতলামির অভিযোগে আটক করা হয়। পরে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার জনকে ৯৫ (পচাঁনব্বই) দিন এবং একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ (পাঁচ শ) টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে