নড়াইল জেলার কালিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোতাহের সরদার (২০) নামে এক ইট ভাঙা মেশিনের চালক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার চাচুড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতাহের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগার সরদারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোতাহের নিজে ইট ভাঙার গাড়ি চালিয়ে বারুইপাড়া থেকে চাচুড়ি বাজারের দিকে যাচ্লেছিলেন। চাচুড়ি ব্রিজে ওঠার পর গাড়িটির ব্রেক ফেল করে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে ও সোনালী ব্যাংকের নিচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মোতাহেরের মৃত্যু হয়। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় এবং নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালিয়া থানার পুলিশ কর্মকর্তা সঞ্জয় বাবু জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।