এফএনএস (বরিশাল প্রতিবেদক) :

৩৬শ' টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, প্রতারণার অভিযোগ

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ পিএম
৩৬শ' টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, প্রতারণার অভিযোগ
ছবি: FNS

বরিশাল নগরীর চকবাজার উলফৎ প্লাজায় অবস্থিত এমটি সু-কালেকশনের বিরুদ্ধে কয়েকগুণ বেশি দামে নিম্নমানের জুতা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা এক জোড়া জুতা মাত্র পাঁচ দিন ব্যবহারের পর নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা মো. তাজবীদ। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেও প্রতিকার পাননি বলে দাবি করেছেন ভূক্তভোগি।
বরিশাল সদরের বাসিন্দা নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে ভূক্তভোগী মো. তাজবীদের অভিযোগে জানা গেছে, গত ২৮ অক্টোবর এমটি সু-কালেকশন থেকে ৩ হাজার ৬০০ টাকায় তিনি এক জোড়া জুতা ক্রয় করেন। বাসায় নেয়ার চার-পাঁচ দিন পর তিনি জুতাটি ব্যবহার শুরু করেন। কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যে জুতার পেস্টিং খুলে যায়। পরে জুতাটি নিয়ে দোকানে আসলে কর্তৃপক্ষ জানায়, কেনার সাত দিন পার হয়ে যাওয়ায় তা পরিবর্তনের সুযোগ নেই।
ভুক্তভোগী তাজবীদ জানান, দোকান থেকে প্রতিকার না পেয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু সেখানেও তাকে জানানো হয়, ক্রয়ের সাত দিন পার হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাত্রি মিত্র তার অভিযোগ যথাযথ গুরুত্ব দেননি বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে এমটি কালেকশনের দায়িত্বরতরা জানিয়েছেন, বিক্রি করা জুতাটিতে টেম্পার না থাকায় পেস্টিং খুলে গেছে। ক্রয়ের ১১ দিন পর ক্রেতা জুতাটি নিয়ে আসায় পরিবর্তন করে দেওয়ার সুযোগ ছিল না। তবে তারা জুতাটিতে আঠা লাগিয়ে মেরামত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্রেতা তাতে রাজি না হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাত্রি মিত্র বলেন, ক্রয়ের সাত দিন অতিক্রম করায় আইন অনুযায়ী তাদের কিছু করার ছিল না। ক্রেতা প্রতারিত হয়েছেন বলে তিনি বুঝতে পারলেও আইনের বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তাজবীদ বলেন, ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা জুতা পাঁচ দিনও ব্যবহার করা গেল না। এমন ঘটনার পরেও প্রতিকার না পাওয়া হতাশাজনক। তিনি এমটি কালেকশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, আমার মতো কোন ক্রেতাকে যেন ভবিষ্যতে এধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

আপনার জেলার সংবাদ পড়তে