পটুয়াখালীর কলাপাড়ায় বলাৎকারের অভিযোগ দিয়ে সালিশ-বৈঠকে এক জেলেকে ১০ বেত্রাঘাত ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিদাতগত রাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেলে আব্দুস সালাম ওই গ্রামের বাসীন্দা। তার বাবার নাম গিয়াসউদ্দিন হাওলাদার। ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজি ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজীর নেতৃত্বে ও নির্দেশনায় প্রহসনের সালিশের নামে জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। খবর ভুক্তভোগীর অভিযোগসহ নির্ভরযোগ্য সূত্রের।
সূত্রমতে, শনিবার রাতে স্থানীয় সজীব, রাব্বি, ইসা, জাহিদ ও মো. সজিবসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে মারধর করেন। পরে ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদারসহ কয়েকজন তাকে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ৫ হাজার টাকা জরিমানা ও ১০ বেত্রাঘাতের সিদ্ধান্ত দেওয়া হয়। একপর্যায়ে দেলোয়ার গাজি লাঠি দিয়ে পিটিয়ে তার ডান হাতের একটি আঙুলে গুরুতর জখম করেন।
আব্দুস সালাম দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি এমন কোন কাজ করেননি। মিথ্যা অভিযোগ সাজিয়ে তার উপর অমানবিক মারধর করা হয়। তিনি এ ঘটনার বিচার চেয়েছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ছেলেটির বাবা কবির খান, মা শহরভানু ও খালা শাহভানু জানান, এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। বিএনপি অফিসে গিয়ে জানতে পারেন। এ নিয়ে তাদের কোনো অভিযোগও ছিল না।
ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোসলেম গাজি সালিশ ও বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এভাবে সালিশ করার এক্তিয়ার তাদের রয়েছে কি না, এর কোনো উত্তর মেলেনি।
ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার গাজি বলেন, ‘ভাই ঘটনা একদম সত্য। আমড়া যে বিচার করছি তা খুবই সামান্য। আরও কঠিন বিচার হওয়া উচিত ছিল। এলাকার লোকজন ধরছে তাই মিলাইয়া মিশাইয়া দিছি। থানায় দেলে কঠিন বিচার হবে তাই দেই নাই।’ তিনি সালিশের বিষয়টি নিয়ে গর্ববোধ করেন। তবে মেম্বারি ইলেকশন নিয়ে সমস্যা আছে তারা একটু সমস্যা করতে শুরু করছে বলেও দেলোয়ার গাজীর দাবি। ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজি নাসির উদ্দিন জানান, তিনি বিষয়টি জানেন না। খোঁজ-খবর নিয়ে দেখছেন। ঘটনার সত্যতা পেলে থানা কমিটির নেতৃবৃন্দকে অবহিত করা হবে।
তবে স্থানীয় লোকজন জানান, শ্রমিকদল সভাপতি মোসলেম গাজি ও বিএনপির সদস্য দোলোয়ার গাজি সম্পর্কে ভাই। তারা দলের প্রভাব খাটিয়ে এসব করে বেড়াচ্ছেন। মহিপুর থানার ওসি মোঃ শামীম হাওলাদার জানান, তিনি বিষয়টি জানেন না। কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।