পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ টি ঘর ভষ্মীভুত হয়েছে। এর মধ্যে ৫ টি বসত ঘর রয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ও দমকল বাহিনী দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের ২৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী তপন কুমার বলেন, রোববার রাত ১১ টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান আগুনে পুড়ছে। এতে আমারই প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ময়নুল হক রাসেল ও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে ১৮টি ব্যাবসা প্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর নেছারাবাদ ফায়ার সার্ভিসে দেওয়া হলেও সন্ধ্যা নদীর পূর্ব পাড়ে নেছারাবাদের ফায়ার স্টেশন থাকায় ফেরি পার হয়ে ঘটনাস্থলে যেতে দমকল বাহিনীর বেশ সময় লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনে অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। তবে যোগাযোগ ব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।